মাওলানা মুখলিস
হাদিসের বড় শেখ,
একদিন হলো তার
ফেসবুকে অভিষেক।
মাওলানা হতবাক
ফেসবুক-রীতিতে,
ছোট-বড় নেই ভেদ
এই বুক-নীতিতে।
এইখানে তালবারা
জ্ঞান দেয় তাকেও,
চ্যাটিংয়ের জানলায়
তুমি করে হাঁকেও।
একদিন দেখলেন
দফতরি সোলেমান,
শায়খের কাছ থেকে
সেলফিতে লাইক চান।
এতোসব বেয়াদবি
তার মন কতো সয়
স্ট্যাটাসেই জানালেন
এইসব ঠিক নয়।
ঐখানে দেখলেন
তার দলে কেউ নেই,
বেয়াদব ছেলেপেলে
বেয়াদবি করছেই।
কদিনেই বুঝলেন
ফেসবুক কারবার,
অতঃপর পণ তার
ফেসবুক ছাড়বার।
