শৈশবের গ্রাম : গ্রামের শৈশব

সংখ্যা:

সকাল :

কাথা মুড়ে ঘুম। দাদুর নরম ডাকে গুটিসুটি পড়ে থাকা। আম্মুর ধমকে বিছানা ছেড়ে পাজামা পাল্টানো। হিসুতে ভেজা পাজামা রেখে নতুনটা পরা। দলবেঁধে মক্তবে যাওয়া। শিশিরস্নাত পথ। ভেজা ভেজা মাটি। সবুজ সবুজ চিত্রপত্র। ছড়ানো গাছপালা; তরুবীথি। পাখির কিচিরমিচির। সাদা সাদা বকের ওড়াউড়ি। উড়তে উড়তে চলে যাওয়া। এদিক-ওদিক। আহারের সন্ধানে। দূর দূর বহু দূরে। দৃষ্টিসীমার আড়ালে।

কাঁপা কাঁপা পায়ে ধীরে চলা। চলতে চলতে মক্তবে। জোরে জোরে পড়া। কায়দা-সিপারা আর কোরান শেখা। আলিফ বা তা সা। আলিফ লাম মিম। আত্তাহিয়্যাতু। জপতে জপতে বাড়িফেরা।

দু’মুঠো খেয়েধেয়ে মাদরাসার পথ ধরা। কোয়াশাভেজা পথ মাড়িয়ে মাদরাসায়। আহা খুনসুটি। হুজুরের চোখের সামনে-আড়ালে। টিফিনের টাকা দিয়ে মুড়ির লাড্ডু খাওয়া। গরমের দিনে আইসক্রিম। চানাচুর। কখনোসখনো বড়ই-আচার। আরো কত কী! আহা শৈশব! শৈশবের সোনা ঝরা স্মৃতি।

 

পথঘাট :

দিনভর হাঁটা। পথ থেকে পথে। কচিহাতে পৃথিবীর কবর খোঁড়া। অযথা গাছের পাতা ছেঁড়া। পাখির বাসা খোঁজা। বাঁশবাগানে। বনজঙ্গলে কিংবা ঝোপঝাড়ে।

খাঁ খাঁ রোদে পুকুরজলে ঝাঁপ মারা। ডুবে ডুবে মাছ ধরা। সৈনিক ভঙ্গিমায় সাঁতার কাটা। গাছের আড়ালে লুকিয়ে তাসলিমাকে দেখা। ঊঁ… বেচারীর খালি গা।

 

মাঠ এবং মাঠের বিকেল :

গরু-ভেড়ার পাল। কিষাণের লাঙল চালনা। খেতের আলে বসে পুঁথি-গান। অলস সময়ে রাখালের বাঁশি বাজানো। সুরতানে রহিমার প্রেমে পড়া।

বিকেলে ক্রিকেট ফুটবল কিংবা গোল্লাছুট। পুবের মাঠে পৃথিবীর জড়ো হওয়া। আমাদের সাথে পৃথিবীর খেলা করা। তার সাথে আমাদের। খেলতে খেলতে সুয্যিমামার ডুবে যাওয়া। হার-জিতে মারামারি-ধরাধরি। কম হলে গালাগালি-দলাদলি।

দিনশেষে ঘরফেরা। আম্মুর বকুনি। বড়াপ্পির শাসানো। ভাইয়ার চড়-থাপ্পড়।

 

রাত ও পড়ার টেবিল :

পড়ার টেবিলে বসে খেলার প্ল্যান করা। গুনগুন আওয়াজে পরদিনের ছক তৈরি করা। মাথা আর পেটব্যথার অজুহাতে পড়া থেকে উঠে যাওয়া।

দাদুর মুখে রাজকন্যার গল্প শোনা। শুনতে শুনতে রাজপরির ছবি আঁকা। আঁকতে আঁকতে তাকে নিয়ে গভীর ঘুমে তলিয়ে যাওয়া…।

 

লেখক : শিক্ষার্থী, জামিয়া দরগাহে হজরত শাহজালাল রহ. সিলেট

ট্যাগ :

সম্পাদক
তামীম রায়হান

নির্বাহী সম্পাদক
সালাহউদ্দীন জাহাঙ্গীর

প্রকাশনা ব্যবস্থাপক
আসাদুল্লাহ খান

নবধ্বনি/নবপ্রকাশ | দোকান নং-২৭ | ২য় তলা | ইসলামী টাওয়ার | ১/১১ বাংলাবাজার | ঢাকা
সার্কুলেশন: ০১৯৭৪৮৮৮৪৪১